প্রিন্ট এর তারিখঃ Nov 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2026 ইং
চবির হীরকজয়ন্তী আয়োজনে ১২ দফা দাবি ছাত্রশিবিরের

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৮ নভেম্বর হীরকজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ আয়োজন ঘিরে ক্যাম্পাসের নিরাপত্তা, পরিবহন, চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ ১২ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিতভাবে এসব দাবি জানায় সংগঠনটি।
১২ দফা দাবিগুলো হলো- ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েন, সিসিটিভি ক্যামেরা সচল ও পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা করা। পাশাপাশি বহিরাগতদের অনিয়ন্ত্রিত প্রবেশ রোধ, গুরুত্বপূর্ণ স্থানে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা এবং পরিচ্ছন্ন পাবলিক টয়লেট ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা।
এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সুবিধা, অ্যালামনাই, শিক্ষার্থী ও অতিথিদের যাতায়াতে পর্যাপ্ত শাটল ট্রেন ও বাস এবং ক্যাম্পাসের অভ্যন্তরে সুশৃঙ্খল যানবাহন ও পার্কিং ব্যবস্থাপনা নিশ্চিত করা।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনে আহত ব্যক্তিদের আমন্ত্রণ এবং সম্মানজনক অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছে ছাত্রশিবির। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মো. ফরহাদ হোসেন ও হৃদয় চন্দ্র তরুয়ার সংক্ষিপ্ত জীবনী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদানের ইতিহাস স্মারক গ্রন্থে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
স্মারক গ্রন্থে চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ এর সংক্ষিপ্ত ইতিহাস, চাকসুর সপ্তম ক্যাবিনেটের পরিচিতি ও গুরুত্বপূর্ণ কার্যক্রম তুলে ধরারও দাবি জানানো হয়েছে। পাশাপাশি চাকসুর সাবেক ভিপি, জিএস ও সর্বশেষ ক্যাবিনেটের প্রতিনিধিদের অনুষ্ঠানে আমন্ত্রণ এবং ১৮ নভেম্বরের আগে প্রস্তাবিত জুলাই স্মৃতিস্তম্ভ দৃশ্যমান করা।
চট্টগ্রাম জেলার সংসদ সদস্যদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সরকারদলীয় ও বিরোধীদলীয় একজন করে সংসদ সদস্যকে বক্তব্য দেওয়ার সুযোগ রাখার দাবি জানিয়েছে ছাত্রশিবির। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক ও ইসলামী সংগীতের আয়োজন রাখার কথা বলা হয়েছে।
অন্যদিকে, গত ফ্যাসিবাদী শাসনামলে বিশ্ববিদ্যালয়ে হল দখল, খুন, চাঁদাবাজি ও অস্ত্রবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হিসেবে চিহ্নিত ব্যক্তি এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যেন হীরকজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
দাবি জানানোর পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাবিব উল্লাহ খালেদ বলেন, হীরকজয়ন্তী সুন্দর এবং শান্তি শৃঙ্খল পরিবেশে উদযাপনের জন্য আমরা ১২ দফা দাবি জানিয়েছি। উপাচার্য স্যার দাবিগুলো পূরণের ব্যাপারে আশ্বাস দিয়েছেন। আমরা চাই হীরকজয়ন্তী ভালোভাবে উদযাপিত হোক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট